সব ইমাম-মুয়াজ্জিন ও খতিবকে সরকারি ভাতার আওতায় আনা হবে: তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৬

দেশের সব মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের পর্যায়ক্রমে সরকারি ভাতার আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

শনিবার (১৪ নভেম্বর) ময়মনসিংহের নান্দাইল উপজেলার চৌরাস্তায় অরণ্যপাশায় খানকায়ে হুসাইনিয়া মাদানিয়ার উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে কয়েকটি মসজিদে পরীক্ষামূলকভাবে এ কর্মসূচি শুরু হয়েছে। পাইলট প্রকল্পের কার্যক্রম শেষ হলে তালিকা প্রণয়নের মাধ্যমে পর্যায়ক্রমে দেশের সব মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের এ ভাতার আওতায় আনা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচি চালু করেছেন বলেও জানান তিনি।

তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক ও ধর্মীয় অবদান বিবেচনায় নিয়ে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে।

বক্তব্যে বিগত সরকারের সমালোচনা করে ইয়াসের খান চৌধুরী বলেন, গত ১৭ বছরে দেশে ওয়াজ মাহফিল আয়োজন করতে দেওয়া হয়নি, অথচ যাত্রার আয়োজন করতে দেওয়া হয়েছে। ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সংস্কৃতির প্রতি যথাযথ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

নির্বাচনের সময় ধর্মের নামে বিভ্রান্তিকর প্রচার থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী। শাপলা চত্বর ও জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে তিনি বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনো ধরনের প্রশ্রয় দেওয়া উচিত নয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

এর আগে প্রতিমন্ত্রী নান্দাইলের মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালেঙ্গা বাজার-বাহাদুরপুর নতুন বাজার সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তিনি বলেন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন গ্রামীণ অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এদিন প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬৬টি পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করেন তিনি। পরে মাহফিলের আখেরি মোনাজাতে অংশ নেন প্রতিমন্ত্রী।