অর্থনৈতিক সংকট মোকাবেলাই ইরানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ: গালিবাফ
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৬
ওয়াশিংটনের সাথে চলমান উত্তেজনার পাশাপাশি অর্থনৈতিক সংকট মোকাবেলা, উৎপাদন খাত সচল রাখা এবং জনগণের জীবিকা নিশ্চিত করাই বর্তমানে ইরানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
আল-জাজিরার তথ্য অনুযায়ী, গালিবাফ বলেছেন, মুদ্রাস্ফীতি, বেকারত্ব ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য এমন সমস্যা নয়, যা কেবল বক্তৃতা কিংবা প্রশাসনিক নির্দেশনার মাধ্যমে সমাধান করা সম্ভব।
তিনি আরও বলেন, দীর্ঘ আট মাসেরও বেশি সময় ধরে ইতিহাসের অন্যতম বড় যুদ্ধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে ইরান। এই পরিস্থিতিতে দেশের সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়া সরকারের প্রধান দায়িত্ব।
দীর্ঘদিন ধরেই উচ্চ মুদ্রাস্ফীতি ও বিনিয়োগ ঘাটতির কারণে অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে ইরান। এর মধ্যে আমেরিকা ও ইসরায়েলের সাথে সংঘাতের জেরে দেশটির তেল ও গ্যাস খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সংকট আরও ঘনীভূত হয়েছে।
সম্প্রতি প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, ফার্সি ক্যালেন্ডারের প্রথম প্রান্তিকে (২১ মার্চ থেকে ২০ জুন) ইরানের মোট দেশজ উৎপাদন (জিডিপি) আগের বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ১ শতাংশ কমেছে। অর্থনীতির এই বড় ধরনের সংকোচন দেশটির সামগ্রিক পরিস্থিতিকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলেছে।



