মানুষ নিয়ে বৈদ্যুতিক উড়োজাহাজের সফল পরীক্ষামূলক উড্ডয়ন

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৬

প্রথমবারের মতো মানুষ নিয়ে সফল পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে চীনের তৈরি বৈদ্যুতিক বাণিজ্যিক উড়োজাহাজ সিই-২৫এ। ১০ টন ওজনের এই উড়োজাহাজের পরীক্ষামূলক উড্ডয়নে ছিলেন তিনজন। এর মধ্যে দুজন পাইলট ও একজন ফ্লাইট পরীক্ষক।

শনিবার (১৪ নভেম্বর) পূর্ব চীনের শানডং প্রদেশে উড়োজাহাজটির এই পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে রয়টার্স জানিয়েছে, উড্ডয়নের সময় উড়োজাহাজটি স্বাভাবিকভাবে চলেছে এবং এর সব সূচক প্রত্যাশা অনুযায়ী ছিল।

এর আগে গত ২ ফেব্রুয়ারি প্রথমবারের মতো পাইলটবিহীন পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করে সিই-২৫এ। উড়োজাহাজটি যৌথভাবে তৈরি করেছে চীনের কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন (কোমাক), চায়না একাডেমি অব লঞ্চ ভেহিকল টেকনোলজি এবং সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়।

আন্তশহর রুটে যাত্রী পরিবহনের উপযোগী করে তৈরি করা হয়েছে উড়োজাহাজটি। এতে সর্বোচ্চ ১৯ জন যাত্রী বহন করা যাবে। এর সর্বোচ্চ উড্ডয়ন ওজন ১০ টন। ঘণ্টায় ৩০০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম উড়োজাহাজটি একবারে ৪০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারবে।

এ পর্যন্ত সিই-২৫এ-এর ১৯টি পাইলটবিহীন পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়েছে। উড়োজাহাজটির নকশা অনুমোদনের আবেদনও গ্রহণ করেছে চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।