ইরানে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ১২ জনের, আহত ১৬
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৬
ইরানের পশ্চিমাঞ্চলে গ্যাস শোধনাগারের কর্মীদের বহনকারী একটি বাস উল্টে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রোববার (১৫ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় শনিবার গভীর রাতে ইরাক সীমান্তের কাছে আবদানান ও দেহলোরানের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গ্যাস শোধনাগারের কর্মীদের বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে হতাহতের ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে ইলাম, দেহলোরান, দেজফুল ও আবদানানের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
আবদানান কাউন্টির গভর্নর বেহজাদ নুরমোহাম্মাদি জানান, দুর্ঘটনাস্থলে ৩২ সদস্যের ১২টি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। এ ছাড়া ছয়টি অ্যাম্বুলেন্স এবং ছয়টি সহায়তা ও উদ্ধারকারী যান মোতায়েন করা হয়েছে।
দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্মকর্তারা তদন্ত শুরু করেছেন।



