বাব আল-মান্দেব থেকে ইয়েমেনি বাহিনীর সেনা প্রত্যাহার, নিয়ন্ত্রণ নিল হুতিরা
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৬
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বাব আল-মান্দেব প্রণালিসংলগ্ন এলাকা থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সৌদি আরব-সমর্থিত ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী। এর ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালির আশপাশের এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে ইরান-সমর্থিত হুতিগোষ্ঠী।
রোববার (১৫ নভেম্বর) দক্ষিণ ইয়েমেনের বাহিনী জানিয়েছে, তারা তাইজ প্রদেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত ধুবাব বিমানবন্দর ও বাব আল-মান্দেব এলাকা থেকে সেনা সরিয়ে এডেনের দিকে পুনর্বিন্যাস করছে।
বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, এডেন ও পার্শ্ববর্তী প্রদেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, সম্মুখসারির প্রতিরক্ষা জোরদার এবং বিদ্যমান হুমকি মোকাবিলায় সেনা পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইয়েমেনি বাহিনীর এই পশ্চাদপসরণে বাব আল-মান্দেব প্রণালিকে ঘিরে হুতিদের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী হতে পারে। এর ফলে আন্তর্জাতিক জাহাজ চলাচলের ওপর নতুন করে চাপ তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।
বাব আল-মান্দেব প্রণালি বিশ্ব সমুদ্রবাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এশিয়া থেকে মিসরের সুয়েজ খাল হয়ে ইউরোপে পণ্য ও কাঁচামাল পরিবহনের ক্ষেত্রে এই প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এ অঞ্চলে সামরিক নিয়ন্ত্রণের পরিবর্তন আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে প্রভাব ফেলতে পারে।
বিশ্লেষকদের উদ্বেগের আরেকটি কারণ হলো, আরব উপদ্বীপের অপর প্রান্তে হরমুজ প্রণালিতেও ইরানের তৎপরতা আন্তর্জাতিক নৌবাণিজ্যে চাপ সৃষ্টি করছে। বাব আল-মান্দেব ও হরমুজ—দুটি গুরুত্বপূর্ণ প্রণালিতে একযোগে অস্থিরতা তৈরি হলে উপসাগরীয় দেশগুলোর তেল রপ্তানি এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ আরও ঝুঁকির মুখে পড়তে পারে।
ইয়েমেনের রাজধানী সানা ও দেশটির জনবহুল উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করছে হুতিগোষ্ঠী। পাশাপাশি দক্ষিণে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের নিয়ন্ত্রিত এলাকাগুলোর ওপরও চাপ বাড়াচ্ছে তারা।
গত সেপ্টেম্বরে ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নেওয়ার লক্ষ্যে দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হয় হুতিরা। তাদের সামরিক অভিযানে গোষ্ঠীটি বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি পৌঁছে যায়। এর জবাবে কৌশলগত উপকূলীয় এলাকাগুলো পুনর্দখলে গত অক্টোবরে সামরিক অভিযান শুরু করে সরকারি বাহিনী।



