হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, ৬ জনই ঢাকা বিভাগে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৬
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে নতুন করে ১ হাজার ৪১৪ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৫৮ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। এ সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ২৯২ জন। অন্যদিকে, চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৮ হাজার ৬০ জন। এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৫ হাজার ২৬৯ জন।
এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২১ হাজার ৫৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ১২ হাজার ৪০২ জন।
এ ছাড়া এ সময়ে সন্দেহজনক হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০৯ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগে মারা গেছেন ১০৫ জন।



