তুরস্কের সাথে প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ নিয়ে আলোচনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৬
তুরস্কের সাথে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর পাশাপাশি প্রতিরক্ষা শিল্প পার্কে বিনিয়োগ এবং সামরিক সরঞ্জাম উৎপাদনে যৌথভাবে কাজ করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
রোববার (১৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক তুরস্ক সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও ফলপ্রসূ হয়েছে। দুই দেশের সম্পর্ককে আরও বিস্তৃত ও সমন্বিত অংশীদারত্বের পর্যায়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি প্রতিরক্ষা শিল্প পার্কে বিনিয়োগের সম্ভাবনা এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সহযোগিতার বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।
তিনি জানান, বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা প্রত্যাবাসন, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে সহযোগিতা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় স্থান পায়।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, আন্তর্জাতিক বিচার আদালত-সংশ্লিষ্ট বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে সংকট মোকাবিলায় আরও কার্যকর উদ্যোগ এবং আন্তর্জাতিক অর্থায়ন বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর কপ৩১ সম্মেলনে অংশগ্রহণের বিষয়েও বিস্তারিত তুলে ধরেন।
তিনি জানান, তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এর লিডারস সামিটে বাংলাদেশের জাতীয় বক্তব্যে প্রধানমন্ত্রী জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা, ন্যায্য জ্বালানি রূপান্তর, ঋণব্যবস্থার সংস্কার, অনুদানভিত্তিক অর্থায়ন এবং প্রযুক্তি হস্তান্তরের ওপর গুরুত্বারোপ করেছেন।
প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান ০.৫ শতাংশের কম হলেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দেশটি বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ। তাই জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং উন্নত দেশগুলোর প্রতিশ্রুত অর্থায়ন নিশ্চিত করা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।
কপ৩১-এর সাইডলাইনে প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, তুরস্ক, চীন ও উজবেকিস্তানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এসব বৈঠকে জলবায়ু পরিবর্তন, বাণিজ্য ও বিনিয়োগ, কৃষি, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সাথে বৈঠকে তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তারেক রহমান। অন্যদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারের সাথে রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিওয়েভের সাথে বৈঠকে বাংলাদেশে দেশটির কূটনৈতিক মিশন খোলা, ঢাকা-তাসখন্দ সরাসরি বিমান যোগাযোগ চালু এবং ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সাথে বৈঠকে বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, সম্মেলন চলাকালে প্রধানমন্ত্রী ব্রাজিল, ইরান, মালদ্বীপ, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট এবং পাকিস্তান, মলদোভা ও কুয়েতের প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সার্বিকভাবে কপ৩১ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণকে সফল উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, এই সফর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান তুলে ধরার পাশাপাশি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি করেছে।



