ঢাকাসহ ৬ বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস, হতে পারে বজ্রবৃষ্টি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, মে ৪, ২০২৬
আগামী ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ দেশের ছয়টি বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার (৪ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের সব বিভাগেই ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এছাড়াও এই ছয় বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
তাপমাত্রার বিষয়ে অধিদপ্তর জানায়, এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে দেশের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাতও রেকর্ড করা হয়েছে।



