আদালতের নির্দেশে জয়ী নুসরাত তাবাসসুম, ইসির গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ণ, মে ৫, ২০২৬

সব আইনি জটিলতা কাটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০ নম্বর সদস্য হিসেবে নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাতকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করে আজ মঙ্গলবার (৫ মে) গেজেট প্রকাশ করা হয়।

ইসির যুগ্ম সচিব ও রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করার পর আজ কমিশন আনুষ্ঠানিক গেজেট জারি করেছে।

আইনি নাটকীয়তা ও পটভূমি: এই আসনটি নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে ব্যাপক আইনি লড়াই চলে। প্রথমে জামায়াত জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল হয় সরকারি চাকরি ছাড়ার পর তিন বছর পূর্ণ না হওয়ায়। পরবর্তীতে নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর মনোনয়ন জমা দিতে গেলে ইসি তা গ্রহণে অস্বীকৃতি জানায়। নুসরাত আদালতের শরণাপন্ন হলে উচ্চ আদালত তাঁর মনোনয়ন গ্রহণের নির্দেশ দেন।

অন্যপ্রান্তে মনিরা শারমিন গেজেট স্থগিতের জন্য রিট করলেও আদালত তাতে কোনো স্থগিতাদেশ দেননি। ফলে নুসরাত তাবাসসুমকেই সংসদের ৫০ নম্বর সংরক্ষিত আসনের বৈধ প্রতিনিধি হিসেবে চূড়ান্ত করল ইসি।

এর মাধ্যমে সংসদের সংরক্ষিত ৫০টি আসনের তালিকা পূর্ণ হলো। এর আগে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের ১ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে শপথ নিয়েছেন। নুসরাত তাবাসসুম এখন শপথ নেওয়ার মাধ্যমে দায়িত্ব বুঝে নেবেন।