ঈদে টানা ৭ দিনের ছুটি, শনিবারও অফিস করবেন সরকারি চাকরিজীবীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, মে ৮, ২০২৬
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার টানা ৭ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এ ছুটির সঙ্গে সমন্বয় করতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একটি সাপ্তাহিক ছুটির দিনে অফিস করতে হবে।
বৃহস্পতিবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি থাকবে।
মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে ওই দিন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিস করতে হবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ বা ২৮ মে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সরকার ২৮ মে ঈদুল আজহা ধরে ছুটির সূচি নির্ধারণ করেছে।
ছুটির তালিকা অনুযায়ী, ২৮ মে ঈদুল আজহার দিন সাধারণ ছুটি থাকবে। এছাড়া ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত মোট পাঁচ দিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।



