দেশে হামে আরও ৭ মৃত্যু: আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছুঁইছুঁই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, মে ৮, ২০২৬
দেশে হামের প্রকোপ ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার (৮ মে) অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আশঙ্কাজনক তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে সিলেট বিভাগে সর্বোচ্চ ৩ জন, ঢাকা বিভাগে ২ জন এবং খুলনা ও বরিশাল বিভাগে ১ জন করে প্রাণ হারিয়েছেন। গত এক দিনে নতুন করে ১ হাজার ৪৯৪ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ২৮২ জনের শরীরে রোগটি নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৪৬ হাজার ৭১০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে, যার মধ্যে শনাক্ত রোগীর সংখ্যা ৬ হাজার ৪৯০ জন। এই সময়ের মধ্যে মোট ৩২ হাজার ৮৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ হাজার ১৫২ জন। কর্তৃপক্ষ হামের বিস্তার রোধে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।



