জাপানের ভাইস মিনিস্টারের সঙ্গে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, মে ৮, ২০২৬
জাপান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার শিমাদা তোমোকি’র (SHIMADA Tomoki) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। শুক্রবার (৮ মে) জাপানের স্থানীয় সময় বিকেল ৫:৩০টায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে ভাইস মিনিস্টার শিমাদা তোমোকি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ও বিরোধীদলীয় নেতা মনোনীত হওয়ায় ডা. শফিকুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানান। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কৌশলগত অংশীদারিত্ব, বাণিজ্য-বিনিয়োগ এবং প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় ডা. শফিকুর রহমান বাংলাদেশে বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল স্থাপনের জন্য জাপানের ভাইস মিনিস্টারকে বিশেষ অনুরোধ জানান। জাপানের পক্ষ থেকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রশংসা করে গণতান্ত্রিক অগ্রযাত্রায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বাংলাদেশের অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নে জাপানের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান, এমপি।



