বিশ্বসেরা বই রপ্তানিকারক হওয়ার সুযোগ আছে বাংলাদেশের: ড. এহছানুল হক মিলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, মে ৮, ২০২৬
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশে উৎপাদিত উন্নত মানের বই-পুস্তক ভবিষ্যতে দেশের অন্যতম প্রধান রপ্তানি যোগ্য পণ্য হয়ে উঠতে পারে। শুক্রবার (৮ মে) বাংলা একাডেমিতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
“সমাজ জাগরণে প্রকাশক ও বিক্রেতাদের ভূমিকা” শীর্ষক এই সেমিনারে ড. মিলন বলেন, “উন্নত বিশ্বে বইয়ের দাম অনেক বেশি। কিন্তু আমাদের দেশে অনেক কম মূল্যে আন্তর্জাতিক মানের বই ছাপানোর সক্ষমতা রয়েছে। দাম ও মানের এই ভারসাম্যের কারণে বিশ্ববাজারে আমাদের সাথে কেউ প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না। তাই বিশ্বের সবচেয়ে বড় পুস্তক রপ্তানিকারক দেশ হওয়ার দারুণ সুযোগ আমাদের সামনে রয়েছে।”
প্রকাশনা ব্যবসাকে একটি প্রাচীন ও সম্মানজনক পেশা হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, যারা এই ব্যবসার সাথে জড়িত তারা সমাজ ও জাতিকে শিক্ষিত করার মহান দায়িত্ব পালন করছেন। এই লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতিকে আরও উদ্যোগী ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



