বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিএসএফকে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, মে ১১, ২০২৬
বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য আগামী ৪৫ দিনের মধ্যে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর কাছে জমি হস্তান্তর করবে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর এ ঘোষণা দেন।
শপথ নেওয়ার পর ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে সীমান্ত নিরাপত্তা জোরদারে অন্তত ছয়টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এর মধ্যে সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত হচ্ছে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বেড়া নির্মাণে বিএসএফকে জমি হস্তান্তর।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির অন্যতম প্রধান প্রচারণার ইস্যু ছিল সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকানো। দলটি দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিল, সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় ব্যর্থ হয়েছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শুভেন্দু অধিকারী বলেন, “বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফকে বুঝিয়ে দেওয়া হবে। রাজ্যের জনতাত্ত্বিক কাঠামো বদলে গেছে।”
তিনি আরও বলেন, দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিএসএফকে জমি হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ভারতের সঙ্গে বাংলাদেশের মোট সীমান্তের দৈর্ঘ্য প্রায় ৪ হাজার ৯৬ দশমিক ৭০ কিলোমিটার। এর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে রয়েছে ২ হাজার ২১৬ কিলোমিটারের বেশি সীমান্ত।
গত মাসের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে। ২৯৪ সদস্যের বিধানসভায় দলটি ২০৭টি আসনে জয় পায়। নির্বাচনে শুভেন্দু অধিকারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ভবানীপুর আসনেও জয়ী হন।



