বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ‘ইতিবাচক দিকে’ এগোচ্ছে: রণধীর জয়সওয়াল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, মে ১২, ২০২৬

ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ‘ইতিবাচক দিকে’ এগিয়ে নিচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

মঙ্গলবার নয়াদিল্লিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “আমরা ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছি যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আমরা ইতিবাচক দিকে এগিয়ে নিচ্ছি।”

বাংলাদেশে ভারতীয় পণ্য আমদানিবিরোধী বিক্ষোভ এবং পশ্চিমবঙ্গে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর বাংলাদেশে উদ্বেগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

জয়সওয়াল বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সম্প্রতি দিল্লি সফর করেছেন। একই সময়ে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ঢাকা সফর করেছেন। এই সফরগুলোর উল্লেখ করে তিনি বলেন, “এটাই বর্তমানে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের গতিপথ।”

বাংলাদেশের জ্বালানি চাহিদা পূরণ করছে ভারত

চলমান বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেও ভারত প্রতিবেশী দেশগুলোকে সহায়তা দিয়ে যাচ্ছে বলে জানান জয়সওয়াল। তিনি বলেন, বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন-এর মাধ্যমে বাংলাদেশে হাই-স্পিড ডিজেল সরবরাহ অব্যাহত রয়েছে।

তার ভাষায়, “বাংলাদেশ থেকে অতিরিক্ত চাহিদাও আমরা পেয়েছি এবং সেগুলো পূরণ করেছি, এখনো করছি।”

তিনি আরও জানান, ভারত ভুটান, নেপাল ও শ্রীলঙ্কাকেও বিদ্যমান কাঠামোর আওতায় জ্বালানি সহায়তা দিচ্ছে। মরিশাসের সঙ্গেও এ ধরনের কিছু ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

অভিবাসন ইস্যুতে আলোচনা চলছে

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সম্প্রতি অবৈধ অভিবাসন ইস্যুতে ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল বলেন, বিষয়টি দুই দেশের মধ্যে আলোচনার পর্যায়ে রয়েছে।

তিনি জানান, ২ হাজার ৮৬০ জনের বেশি ব্যক্তির নাগরিকত্ব যাচাইয়ের বিষয়ে ভারত বাংলাদেশের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে। এ সংক্রান্ত তালিকা ইতোমধ্যে ঢাকার কাছে পাঠানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

চীন প্রসঙ্গেও মন্তব্য

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাম্প্রতিক চীন সফর নিয়ে প্রশ্ন করা হলে রণধীর জয়সওয়াল বলেন, ভারত আঞ্চলিক পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ নজর রাখে। তবে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক অন্য কোনো কূটনৈতিক যোগাযোগের ওপর নির্ভরশীল নয়।

তিনি বলেন, “প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক নিজস্ব ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে।”