বাংলাদেশে জ্বালানি সহযোগিতা নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, মে ১৩, ২০২৬

বাংলাদেশের জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান Chevron-এর প্রেসিডেন্ট হাভিয়ের লারোসা-র সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

বুধবার ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ-এ প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।

দূতাবাস জানায়, বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাতে চলমান সহযোগিতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। মার্কিন প্রতিষ্ঠান শেভরন বর্তমানে বাংলাদেশের মোট প্রাকৃতিক গ্যাসের প্রায় ৬০ শতাংশ সরবরাহ করছে, যা দেশের ঘরবাড়ি, শিল্পকারখানা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এর আগে মঙ্গলবার মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠান Excelerate Energy-এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন কোবোস-এর সঙ্গেও বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ওই বৈঠকে বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এর আগে গত ৫ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত। সে সময় দুই দেশের মধ্যে জ্বালানি ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

পরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সাংবাদিকদের বলেন, সরকার সাশ্রয়ী মূল্যে বিশ্বের বিভিন্ন উৎস থেকে জ্বালানি আমদানির চেষ্টা করছে। তিনি বলেন, “ভারত, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র বা রাশিয়া—যেখান থেকেই হোক, সাশ্রয়ী মূল্যে পাওয়া গেলে সেখান থেকেই জ্বালানি কেনা হবে।”