রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩:১০ পূর্বাহ্ণ, মে ১৫, ২০২৬

রাজধানী ঢাকায় যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থার সমন্বয় এবং নগর পরিবহন ব্যবস্থাকে আধুনিক ও কার্যকর করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম রবি, রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং সংসদ সদস্য অ্যাডভোকেট শিমুল বিশ্বাস।

সভায় রাজধানীর সড়ক ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ গ্রহণ, গণপরিবহনে শৃঙ্খলা নিশ্চিত এবং নাগরিক দুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।