এবার ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, আরও কোণঠাসা স্টারমার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩:১৬ পূর্বাহ্ণ, মে ১৫, ২০২৬

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার প্রকাশ্য আহ্বান জানিয়ে পদত্যাগ করেছেন দেশটির প্রভাবশালী স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং। এতে প্রধানমন্ত্রী স্টারমারের ওপর রাজনৈতিক চাপ আরও বেড়েছে।

দুই বছরেরও কম সময়ের মধ্যে তার নেতৃত্ব এখন টালমাটাল অবস্থায় পড়েছে।

এক প্রতিবেদনে রয়টার্স জানায়, বৃহস্পতিবার পদত্যাগপত্র জমা দিয়ে স্ট্রিটিং স্টারমারের বিরুদ্ধে অদূরদর্শিতা এবং নিজের ব্যর্থতার দায় অন্যদের ওপর চাপানোর অভিযোগ তোলেন।

স্টারমারকে উদ্দেশ করে তিনি পদত্যাগপত্রে লেখেন, “এখন এটা পরিষ্কার যে আপনি আগামী সাধারণ নির্বাচনে লেবার পার্টিকে নেতৃত্ব দিতে পারবেন না।”

তবে তিনি এখনই আনুষ্ঠানিক নেতৃত্বের লড়াই শুরু না করলেও একটি সুশৃঙ্খল সময়সীমার মধ্যে নতুন নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান।

তিনি বলেন, “যেখানে আমাদের স্পষ্ট দৃষ্টিভঙ্গি দরকার ছিল, সেখানে এখন শূন্যতা দেখা যাচ্ছে।”

তিনি আরও অভিযোগ করেন, নেতৃত্বের দায় নেওয়ার পরিবর্তে অনেক সময় নিজের ব্যর্থতা আড়াল করতে অন্যদের দায়ী করা হচ্ছে।

গত সপ্তাহে স্থানীয় নির্বাচনে লেবার পার্টির বড় পরাজয়ের পর থেকেই স্টারমারের পদত্যাগের দাবি জোরালো হয়। প্রায় দুই বছর আগে বড় ব্যবধানে জয়ী হয়ে তিনি ব্রিটিশ রাজনীতিতে স্থিতিশীলতা আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

কিন্তু সাম্প্রতিক সংকটে সেই প্রতিশ্রুতি এখন প্রশ্নের মুখে।

স্ট্রিটিংয়ের পদত্যাগের পর স্টারমারের ওপর চাপ আরও বেড়েছে। তবে কিয়ার স্টারমার এখনই পদ ছাড়তে নারাজ।

তার ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রী নিজের অবস্থান ধরে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। অন্যদিকে অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস দলীয় আইনপ্রণেতাদের সতর্ক করে বলেছেন, অর্থনীতি যখন ঘুরে দাঁড়াচ্ছে, তখন নতুন রাজনৈতিক অস্থিরতা দেশকে ক্ষতির দিকে নিয়ে যেতে পারে।

এদিকে স্টারমারের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে অ্যাঞ্জেলা রেনার, অ্যান্ডি বার্নহাম, এড মিলিব্যান্ড এবং আল কার্নসের নাম আলোচনায় রয়েছে।

তবে দলীয় জরিপে দেখা যাচ্ছে, স্টারমার পদত্যাগ করলে বামপন্থী প্রার্থীদের জয়ের সম্ভাবনা বেশি।

যুক্তরাজ্যের এই রাজনৈতিক অস্থিরতা নিয়ে ব্যবসায়ী মহলেও উদ্বেগ বাড়ছে। তারা মনে করছেন, গত ১০ বছরে বারবার প্রধানমন্ত্রী পরিবর্তনের ঘটনা বিনিয়োগ পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে।