ঢাকায় ৬৯০ নতুন এসি বাস নামানোর অনুমতি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, মে ১৫, ২০২৬

রাজধানীর বিভিন্ন রুটে যাত্রীসেবার মান উন্নত করতে আটটি পরিবহন কোম্পানিকে মোট ৬৯০টি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস পরিচালনার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রো যাত্রী ও পণ্য পরিবহন কমিটি। নতুন এসব বাসে বাধ্যতামূলকভাবে অটো-ডোর ও ই-টিকেটিং ব্যবস্থা রাখতে হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কমিটির সর্বশেষ সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে বেশি ২০০টি বাস চালানোর অনুমতি পেয়েছে শাপলা পরিবহন। তাদের বাস চন্দ্রা থেকে ধোলাইখাল রুটে চলাচল করবে। এছাড়া চিত্রা পরিবহন লিমিটেড ১২০টি, টাইম বার্ড এক্সপ্রেস ১০০টি এবং স্প্রিন্ট শ্যাটল প্রাইভেট লিমিটেড দুটি রুটে মোট ১০০টি এসি বাস পরিচালনার অনুমোদন পেয়েছে।

অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে ইকবাল এন্টারপ্রাইজ ও নিউ ঢাকা পরিবহন পেয়েছে ৫০টি করে বাসের অনুমতি। ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসেস পরিচালনা করবে ৪০টি এবং ঢাকা ট্রান্সপোর্ট লাইন ৩০টি এসি বাস।

জানা গেছে,

  • ইকবাল এন্টারপ্রাইজের বাস চলবে উত্তরা পঞ্চবটী থেকে কেরানীগঞ্জ রুটে
  • নিউ ঢাকা পরিবহন পরিচালনা করবে সাইনবোর্ড থেকে গাজীপুর শিববাড়ি রুট
  • টাইম বার্ড এক্সপ্রেস চলবে সাভার থেকে কালিগঞ্জ বাজার পর্যন্ত
  • চিত্রা পরিবহনের বাস চলবে নন্দনপার্ক থেকে মদনপুর রুটে
  • ঢাকা ট্রান্সপোর্ট লাইনের বাস চলবে কমলাপুর থেকে নারায়ণগঞ্জ বন্দরে

কমিটির নির্দেশনা অনুযায়ী, সব বাসে কাউন্টারভিত্তিক সেবা চালু করতে হবে এবং প্রচলিত চুক্তিভিত্তিক বা কন্ট্রাক্ট পদ্ধতি বাতিল করতে হবে। একই সঙ্গে বাসের গায়ে কোম্পানির নাম ও রুট নম্বর স্পষ্টভাবে উল্লেখ এবং একই কোম্পানির সব বাসের রং এক রাখতে বলা হয়েছে।

তবে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, শুধু বাস নামালেই হবে না—যাত্রী চাহিদা, স্টপেজ, সময়সূচি ও রুট ব্যবস্থাপনা বিজ্ঞানভিত্তিকভাবে নির্ধারণ করতে হবে। নইলে নতুন বাস নামিয়েও যানজট ও বিশৃঙ্খলা কমানো কঠিন হবে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক ড. সামছুল হক বলেন, বাস পরিচালনায় আন্তর্জাতিক মানের পরিকল্পনা ও সমন্বয় জরুরি। কোন রুটে কত বাস প্রয়োজন, কত সময় পরপর চলবে—এসব নির্ধারণে পেশাদার পরিকল্পনার বিকল্প নেই।

অন্যদিকে, এসি বাসের জন্য এখনো আলাদা ভাড়া কাঠামো চূড়ান্ত না হওয়ায় নতুন জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন পরিবহন মালিকরা। তবে সরকার শিগগিরই এসি বাসের ভাড়া নির্ধারণ করবে বলে জানিয়েছে সড়ক পরিবহন মন্ত্রণালয়।