শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, মে ১৫, ২০২৬
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে যাচ্ছেন। সফরে তিনি একাধিক উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন, পথসভা ও দলীয় সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৮টায় ঢাকার বাসভবন থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে রওনা হবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
পরে দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি। এরপর দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাটসংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।
দুপুর আড়াইটায় চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি নেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
বিকাল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তারেক রহমান। পরে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন তিনি।
দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।



