ফারাক্কা এখন ‘মরণফাঁদ’, পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত বাংলাদেশ: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, মে ১৫, ২০২৬
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তৎকালীন আওয়ামী লীগ সরকারের কারণেই বাংলাদেশ ভারতের কাছ থেকে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হয়েছে। তিনি দাবি করেন, পরীক্ষামূলকভাবে চালুর অনুমতি পাওয়া ফারাক্কা বাঁধ এখন বাংলাদেশের জন্য ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে।
শুক্রবার (১৫ মে) ‘ফারাক্কা দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ১৯৭৬ সালের ১৬ মে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে লাখো মানুষ গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে ঐতিহাসিক লংমার্চে অংশ নিয়েছিল। সেই আন্দোলন ছিল বাংলাদেশের পানিস্বার্থ রক্ষার এক গুরুত্বপূর্ণ অধ্যায়।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার জনগণের মতামত উপেক্ষা করে ভারতকে কয়েক দিনের জন্য পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দেয়। কিন্তু সেই বাঁধ আজও চালু রয়েছে, যার ফলে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা মরুকরণের ঝুঁকিতে পড়েছে।
বিএনপি মহাসচিব বলেন, আন্তর্জাতিক আইন ও কনভেনশন উপেক্ষা করে ভারত একের পর এক অভিন্ন নদীতে বাঁধ নির্মাণ করছে এবং একতরফাভাবে পানি প্রত্যাহার করছে। এতে বাংলাদেশের পরিবেশ, কৃষি ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।
তিনি আরও বলেন, ফারাক্কা বাঁধের কারণে সৃষ্ট মানবিক ও পরিবেশগত সংকট আন্তর্জাতিক মহলেও বহুবার আলোচিত হয়েছে। এখনো এ দিবস বাংলাদেশের পানির অধিকার আদায়ের আন্দোলনে জনগণকে অনুপ্রাণিত করে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফারাক্কা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির সফলতা কামনা করেন এবং দেশের স্বার্থে পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান জানান।



