শি জিনপিংয়ের সঙ্গে শেষ দফার বৈঠক করলেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, মে ১৫, ২০২৬

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে শেষ দফার গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সকালে বেইজিংয়ের অত্যন্ত সংরক্ষিত প্রশাসনিক এলাকা ঝংনানহাইয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে দুই নেতা যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানে ট্রাম্প বলেন, বাণিজ্য, ইরানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে এবং বেশ কিছু জটিল সমস্যার সমাধানে অগ্রগতি এসেছে।

ট্রাম্প বলেন, “এটি একটি অসাধারণ সফর ছিল। আমরা এমন কিছু বাণিজ্য চুক্তি করেছি যা যুক্তরাষ্ট্র ও চীন—উভয় দেশের জন্যই ইতিবাচক হবে।”

বৈঠকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। বিশেষ করে ইরান ও হরমুজ প্রণালি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র চায় না ইরানের হাতে পারমাণবিক অস্ত্র যাক এবং হরমুজ প্রণালিতে সবসময় অবাধ নৌ চলাচল বজায় থাকুক।

চীন সফরে আতিথেয়তার জন্য শি জিনপিংকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, আগামী ২৪ সেপ্টেম্বর শি জিনপিং যুক্তরাষ্ট্র সফরে গেলে আবারও তাদের বৈঠক হবে। তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র সফরেও শি একই ধরনের অভিজ্ঞতা পাবেন।

এদিকে, মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানিয়েছেন, আগামী তিন বছরে চীন উল্লেখযোগ্য পরিমাণ মার্কিন কৃষিপণ্য আমদানির বিষয়ে ইতিবাচক আগ্রহ দেখিয়েছে।

তিনি আরও জানান, দুই দেশ যৌথভাবে একটি ‘বাণিজ্য বোর্ড’ গঠনের বিষয়েও আলোচনা করছে, যা অগুরুত্বপূর্ণ ও অ-কৌশলগত খাতে বাণিজ্য তদারকি করবে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, একই ধরনের একটি ‘বিনিয়োগ বোর্ড’ গঠনের বিষয়েও আলোচনা চলছে, যা দুই দেশের মধ্যে বিনিয়োগ কার্যক্রম পরিচালনায় কাজ করবে।