বাড়ল জ্বালানি তেলের দাম

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, মে ১৫, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভারতে আবারও বাড়ানো হয়েছে পেট্রোল ও ডিজেলের দাম। শুক্রবার (১৫ মে) থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে।

ভারতের বিভিন্ন শহরে লিটারপ্রতি পেট্রোল ও ডিজেলের দাম প্রায় ৩ রুপি পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

নতুন দামে রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ৯৭ রুপি ৭৭ পয়সায় এবং ডিজেল ৯০ রুপি ৬৭ পয়সায়। অন্যদিকে কলকাতায় পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১০৮ রুপি ৭৪ পয়সা এবং ডিজেলের দাম ৯৫ রুপি ২৫ পয়সা।

দেশটির বিভিন্ন শহরে জ্বালানির দাম লিটারপ্রতি ২ রুপি ৮৩ পয়সা থেকে ৩ রুপি ২৯ পয়সা পর্যন্ত বেড়েছে।

এদিকে সংকুচিত প্রাকৃতিক গ্যাসের দামও বাড়ানো হয়েছে। দিল্লিতে প্রতি কেজি সিএনজির দাম ২ রুপি বাড়িয়ে ৭৯ রুপি ৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। মুম্বাইয়েও একই হারে দাম বাড়ানো হয়েছে।

ভারতে সর্বশেষ বড় ধরনের জ্বালানি মূল্য সমন্বয় হয়েছিল ২০২২ সালে। পরে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে সামান্য দাম কমানো হলেও দীর্ঘ সময় ধরে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো দৈনিক মূল্য সমন্বয় বন্ধ রেখেছিল।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার এতদিন জ্বালানির দাম না বাড়ানোর নীতি অনুসরণ করছিল। তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি এবং রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলোর লোকসান বেড়ে যাওয়ায় এবার দাম সমন্বয় করতে হয়েছে।

বিশ্লেষকদের আশঙ্কা, জ্বালানির দাম বাড়ায় ভারতে পরিবহন ব্যয় বৃদ্ধি পাবে। এর প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও পড়তে পারে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অস্থিরতা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও মূল্যবৃদ্ধির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।