ট্রাম্প-নেতানিয়াহুর পর লম্বা সাদা দাড়িতে ‘মোদি মহিষ’ ভাইরাল

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, মে ১৫, ২০২৬

নারায়ণগঞ্জে কোরবানির পশুর হাট ও খামারকেন্দ্রিক আলোচনায় একের পর এক ‘ভাইরাল মহিষ’ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিচ্ছে। ট্রাম্প ও নেতানিয়াহু নামের মহিষ নিয়ে আলোচনা শেষ না হতেই এবার আলোচনায় এসেছে লম্বা সাদা দাড়িওয়ালা ‘মোদি মহিষ’।

বিরল প্রজাতির এই এলভিনো বা গোলাপি আভাযুক্ত মহিষটি স্থানীয় একটি খামারে রাখা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, মহিষটির শরীরে হালকা সাদা আভা এবং মুখের নিচে ঝুলে থাকা লম্বা সাদা দাড়ি, যা দর্শনার্থীদের দৃষ্টি সহজেই আকর্ষণ করছে।

খামার সূত্রে জানা গেছে, শুরুতে মহিষটির কোনো নির্দিষ্ট নাম ছিল না। পরে এর ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে নানা রকম মজার আলোচনা শুরু হয়। অনেকেই মহিষটির চেহারা ও দাড়ির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মিল খুঁজে পান। এরপর অনলাইন আলোচনার মাধ্যমে এর নাম রাখা হয় ‘মোদি’।

খামারিরা জানান, ঈদুল আজহাকে সামনে রেখে এ ধরনের ভিন্নধর্মী নামের পশু নিয়ে মানুষের আগ্রহ ক্রমেই বাড়ছে। কেউ ট্রাম্প, কেউ নেতানিয়াহু—আর সেই ধারাবাহিকতায় এখন ‘মোদি মহিষ’ আলোচনার কেন্দ্রবিন্দুতে।

এর আগে নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকায় রাবেয়া এগ্রো ফার্মে ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে একটি মহিষ নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। পরে ক্ষ্যাপাটে স্বভাবের আরেকটি মহিষ ‘নেতানিয়াহু’ নামেও ভাইরাল হয়।

সব মিলিয়ে কোরবানির মৌসুম ঘিরে এই ধরনের ‘ভাইরাল পশু’ এখন স্থানীয়ভাবে যেমন কৌতূহলের বিষয়, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক বিনোদনের খোরাক যোগাচ্ছে। ঈদের আগে আরও নতুন কোনো নাম আলোচনায় আসে কি না, তা নিয়েও চলছে আগ্রহ।