বেহেশতের টিকিট বিক্রিকারীদের ভাওতাবাজিতে আস্থা রাখেনি জনগণ: তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ৫:২৫ পূর্বাহ্ণ, মে ১৭, ২০২৬

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, “বেহেশতের টিকিট বিক্রিকারীদের ভাওতাবাজির প্রতি আস্থা না রেখে জনগণ আস্থা রেখেছে তারেক রহমানের প্রতি, বিএনপির ইশতেহারের প্রতি। আর তারেক রহমান একের পর এক প্রতিশ্রুতি পূরণ করছেন।”

শনিবার (১৬ মে) রাতে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চর ভেলামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ৭৩০ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন তারেক রহমান। উদ্বোধনের পরপরই উপকারভোগীদের মোবাইলে সহায়তা প্রাপ্তির বার্তা পৌঁছে যায়।

ইয়াসের খান চৌধুরী বলেন, “দেশের নারীদের জন্য প্রধানমন্ত্রীর অনন্য উপহার ফ্যামিলি কার্ড। নারীর জীবনমান উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি উপকারভোগীদের উদ্দেশে বলেন, পরিবারের প্রয়োজন মিটিয়ে কিছু অর্থ সঞ্চয় রাখারও চেষ্টা করতে হবে, যাতে ভবিষ্যতের বিপদ-আপদে তা কাজে লাগে।

ফ্যামিলি কার্ড পেতে কাউকে ঘুষ বা দালালের আশ্রয় না নেওয়ার আহ্বান জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, “কার্ডের জন্য কোনো দালালের কাছে যাবেন না। যারা প্রকৃত প্রাপ্য, তাদের কাছেই কার্ড পৌঁছে যাবে।”

এ সময় তিনি আরও বলেন, চর বেতাগৈর ইউনিয়নের মানুষ তাকে আনুপাতিক হারে সবচেয়ে বেশি ভোট দিয়েছেন। এজন্য সবার আগে এই ইউনিয়নে সহায়তা কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়নেও সুবিধা পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান এবং নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত।