হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৭৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, মে ১৭, ২০২৬
সারাদেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১ শিশু এবং হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৭৪ শিশু।
রোববার (১৭ মে) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২৪৩ শিশু। এছাড়া সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ২৭৪ শিশু।
স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৪৫৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৭৫ শিশুর এবং উপসর্গ নিয়ে মারা গেছে ৩৮৪ শিশু।
এদিকে একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৭৬৭ শিশু। এছাড়া সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৭ হাজার ৮৪৬ শিশু।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় শিশুদের দ্রুত টিকাদানের আওতায় আনা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি। এছাড়া জ্বর, শরীরে লালচে ফুসকুড়ি, কাশি ও চোখ লাল হওয়াসহ হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।



