দেশে হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, মে ১৯, ২০২৬
দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জনের মৃত্যু নিশ্চিত হামজনিত কারণে এবং বাকি ৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে।
মঙ্গলবার (১৯ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৮ মে) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে মোট ৭৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামে মৃত্যু হয়েছে ৩৯৮ জনের।
এছাড়া একই সময়ের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৯২৯ জন শিশু এবং সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ৫৮৬ জনে।
প্রতিবেদনে আরও বলা হয়, এই সময়ে হাম সন্দেহে ৪৩ হাজার ৯৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল, যাদের মধ্যে ৪০ হাজার ৯০ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, নিশ্চিত হামে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকায়, ৪৭ জন। এরপর বরিশালে ১৫, চট্টগ্রামে ৮, সিলেটে ৩ এবং ময়মনসিংহ ও রাজশাহীতে ২ জন করে মৃত্যুর ঘটনা ঘটেছে।



