হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, শনাক্ত ১ হাজার ৪২৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, মে ২১, ২০২৬
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪২৩ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তর-এর নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশে নতুন করে ১ হাজার ৪২৩ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২০৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ২৭৯ জনে। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৮ হাজার ২৭৫ জন।
এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬ হাজার ৪০৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪২ হাজার ৩৩৬ জন।



