বাংলাদেশ-মরক্কো প্রথম বিটুবি প্ল্যাটফর্ম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, মে ২১, ২০২৬

দক্ষিণ-দক্ষিণ বাণিজ্য সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচন করে বাংলাদেশ ও মরক্কোর মধ্যে প্রথম দ্বিপাক্ষিক বিজনেস-টু-বিজনেস (বিটুবি) প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার মরক্কোর রাজধানী রাবাতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ প্ল্যাটফর্ম উদ্বোধন করেন।

এই উদ্যোগের মাধ্যমে দক্ষিণ এশিয়ার সঙ্গে আফ্রিকা, ইউরোপ এবং বৈশ্বিক বাজারে মরক্কোর কৌশলগত অবস্থানকে যুক্ত করে বাণিজ্য, বিনিয়োগ ও সবুজ উদ্ভাবনের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। প্রতিমন্ত্রীর মরক্কো সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে এ উদ্যোগকে দেখা হচ্ছে।

উদ্বোধনী বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম বলেন, “এই প্ল্যাটফর্মের লক্ষ্য শুধু বাণিজ্য সম্প্রসারণ নয়; বরং উদ্ভাবননির্ভর, উচ্চমূল্য সংযোজনকারী ও জনমুখী অংশীদারিত্ব গড়ে তোলা, যা শিল্প বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি স্থানান্তর এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে।”

তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ এবং ১৫০টিরও বেশি দেশে ওষুধ রপ্তানি করছে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি, চামড়া, সিরামিক, লাইট ইঞ্জিনিয়ারিং ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্পেও দ্রুত অগ্রগতি অর্জন করেছে। মরক্কোর ব্যবসায়ী সমাজকে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষ থেকে বাংলাদেশকে সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য হিসেবে বিবেচনার আহ্বান জানান তিনি।

নতুন প্ল্যাটফর্মে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের প্রসারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর বাংলাদেশের পাটশিল্প বর্তমানে পরিবেশবান্ধব ও কার্বন-শোষণক্ষম পণ্য উৎপাদন করছে, যা বৈশ্বিক অটোমোটিভ ও ফ্যাশন শিল্পে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।

প্রতিমন্ত্রী বলেন, “আফ্রিকার বিভিন্ন দেশে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সীমিত করার উদ্যোগের ফলে পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বৈশ্বিক চাহিদা আরও বাড়বে। এতে বাংলাদেশ অন্যতম প্রধান সরবরাহকারী হিসেবে আরও শক্ত অবস্থান তৈরি করবে।”

অনুষ্ঠান উপলক্ষে মরক্কোর চেম্বার প্রাঙ্গণে বাংলাদেশের পাটজাত পণ্যের একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং মরক্কান চেম্বার অব কমার্সের সভাপতি হাসান সাখি যৌথভাবে ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন।

বাংলাদেশ দূতাবাস, রাবাত এবং মরক্কোর চেম্বার অব কমার্স, ইন্ডাস্ট্রি অ্যান্ড সার্ভিসেসের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মরক্কোর প্রায় ৩০ জন শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধি এবং বাংলাদেশের সাত সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদল অংশ নেয়।

প্ল্যাটফর্মটিকে আরও কার্যকর করতে আগামী নভেম্বরে মরক্কোর উচ্চপর্যায়ের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের সম্ভাবনা রয়েছে। সফরকালে তারা দেশের অর্থনৈতিক অঞ্চল, শিল্পকেন্দ্র ও উদ্ভাবন হাব পরিদর্শন করে সম্ভাব্য বিনিয়োগ ও যৌথ উদ্যোগের সুযোগ পর্যালোচনা করবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মরক্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফায়জুন্নেসা, পাট অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. নুরুল বাসির, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আফ্রিকা) আবদুর রউফ মণ্ডল এবং শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব সাহেলা আক্তার