পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, মে ২২, ২০২৬
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের ১৩টি সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ‘ঈদ উপহার’ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসকদের কাছে এ সংক্রান্ত চেক হস্তান্তর করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস জাহান শিরীনসহ ১৩ সিটির প্রতিনিধিরা।
এর আগে বিকেলে বাসায় আসরের নামাজ আদায় শেষে পায়ে হেঁটে গুলশানের দলীয় কার্যালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান বলে জানিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান ছুটির দিনে দলের কার্যালয়ে এসে একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে সারা দেশের সিটি করপোরেশনের প্রশাসক ও মেয়রদের কাছে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ঈদ বোনাসের চেক হস্তান্তর করা হয়েছে।”



