প্রতিবাদের মুখে সীমান্ত থেকে বাঁশের খুঁটি সরাল বিএসএফ

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১:২৬ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২৬

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) স্থাপন করা বাঁশের খুঁটি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তীব্র আপত্তির মুখে সরিয়ে নেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার সকালে উপজেলার কুচলীবাড়ী ইউনিয়নের কলসির মুখ সীমান্তে বিএসএফের একটি দল জিরো লাইনে নিয়মবহির্ভূতভাবে এই বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা করে। বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিক কড়া প্রতিবাদ জানিয়ে অবিলম্বে খুঁটি অপসারণের নির্দেশ দেওয়া হয় এবং সীমান্ত আইন মেনে চলার কড়া তাগিদ দেওয়া হয়। বিজিবির এমন কঠোর ও অনড় অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা নিজেদের স্থাপন করা বাঁশের খুঁটিগুলো তুলে নিয়ে চলে যেতে বাধ্য হন।

রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান জানান, বিএসএফ প্রায়শই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্তে এ ধরনের অস্থায়ী অবকাঠামো বা বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা চালায়। তবে বিজিবির টহল দল সর্বদা সতর্ক এবং কড়া প্রতিবাদ জানালে তারা তা অপসারণ করতে বাধ্য হয়।

একই রাতে চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির ফাঁকা গুলি

এদিকে, বাঁশের খুঁটি সরানোর ঘটনার কয়েক ঘণ্টা পর, বৃহস্পতিবার রাত ২টা ২০ মিনিটে একই সীমান্তের পশ্চিম গিয়ারপাড়া এলাকায় (প্রধান পিলার-৮০৬ থেকে ২০০ গজ ভেতরে) একদল চোরাকারবারিকে ভারত থেকে বাংলাদেশে ঢুকতে দেখে বিজিবি।

টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা নির্দেশ অমান্য করে বিজিবির দিকে এগিয়ে আসতে থাকে। এ সময় সীমান্ত সুরক্ষা ও নিজেদের নিরাপত্তার স্বার্থে টহল কমান্ডার নায়েব সুবেদার রফিকুল ইসলামের নির্দেশে বিজিবি সদস্যরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। গুলির শব্দে চোরাকারবারিরা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।