ময়মনসিংহে ৩.৬ মাত্রার ভূমিকম্প, কাঁপল ঢাকাসহ বিভিন্ন অঞ্চল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, মে ২৬, ২০২৬

রাজধানী ঢাকা, গাজীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টা ৪১ মিনিটের দিকে এই ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ময়মনসিংহের ভালুকা এলাকায়।

ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬। আর এর উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ময়মনসিংহ শহর থেকে ৪৭ কিলোমিটার দক্ষিণে এবং টাঙ্গাইলের সখীপুর থেকে ২২ কিলোমিটার উত্তর-পূর্বে। এর ভৌগোলিক অবস্থান ছিল ২৪ দশমিক ৩৩ উত্তর অক্ষাংশ এবং ৯০ দশমিক ৩৯ পূর্ব দ্রাঘিমাংশ।

মৃদু এই ভূমিকম্পে ঢাকাসহ আশেপাশের জেলাগুলোতে হঠাৎ ক্ষণিকের কম্পন টের পাওয়া যায়। তবে স্বল্প মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।