আড়ালে-আবডালে দুর্বৃত্ত আছে, অস্বীকার করার সুযোগ নেই: সড়ক মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, মে ২৬, ২০২৬
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘আড়ালে-আবডালে দুর্বৃত্ত আছে, সেটা অস্বীকার করার সুযোগ নেই। তবে তাদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। এরপরও ঈদে যাত্রীদের কাছ থেকে কেউ যদি বেশি ভাড়া নিয়ে থাকে, সে ক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগ দেওয়া হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’
আজ মঙ্গলবার (২৬ মে) সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ঈদযাত্রার প্রস্তুতি ও শৃঙ্খলা নিয়ে মন্ত্রী বলেন, ‘এবার প্রতিটি কাউন্টারে নির্ধারিত ভাড়ার স্টিকার লাগানো হয়েছে। বাসেও ভাড়ার তালিকা সংযুক্ত করা হয়েছে। যাত্রীরা আগের তুলনায় নির্ধারিত সময়ে ভালোভাবে বাড়ি যেতে পারছেন এবং আমাদের মোবাইল কোর্টও মাঠে কাজ করছে। যাত্রীরা পরিবহনের নাম উল্লেখ করে অভিযোগ জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’
যাত্রীদের অসচেতনতা ও কিছু অব্যবস্থাপনার কথা উল্লেখ করে শেখ রবিউল আলম বলেন, অনেক যাত্রী অগ্রিম টিকিট না কাটার কারণে শেষ মুহূর্তে ভোগান্তিতে পড়ছেন। আবার অনেক ক্ষেত্রে যাত্রীদের এই অসচেতনতার সুযোগ নিয়ে চালক বা সুপারভাইজাররা অতিরিক্ত ভাড়া আদায় করছে।
কোরবানির পশুর হাট নিয়ে সড়ক মন্ত্রী বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে আগে আলোচনা হয়েছিল যে সড়কে কোনো গরুর হাট বসবে না। তবে শেষ সময়ে পশু ও ক্রেতার চাপ অতিরিক্ত বেড়ে যাওয়ায় অনেক সময় হাট সড়কে চলে আসছে। এতে কিছু ক্ষেত্রে সমন্বয়হীনতা তৈরি হচ্ছে।’
সরকারি মনিটরিং ব্যবস্থার সীমাবদ্ধতার কথা স্বীকার করে তিনি বলেন, ‘বিপুলসংখ্যক মানুষ এখনো ঝুঁকি নিয়ে পণ্যবাহী ট্রাকে যাতায়াত করছে। এসব ট্রাক সড়কে থামাতে গেলে অনেক সময় মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। তাই নাগরিকরা নিজেরা সচেতন না হলে সড়কে পুরোপুরি শৃঙ্খলা বজায় রাখা কঠিন হয়ে পড়ে।’



