হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান কফিল উদ্দিন আর নেই

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, মে ৩১, ২০২৬

দেশখ্যাত পরিবহন কোম্পানি হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান এবং সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কফিল উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

​আজ রোববার (৩১ মে) রাতে ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

​পারিবারিক পরিচয়ের পাশাপাশি কফিল উদ্দিন রাজনৈতিক অঙ্গনেও বেশ পরিচিত মুখ ছিলেন। তিনি বিএনপি সাভার থানা শাখার সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

​তার এই আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

​পারিবারিক সূত্র জানিয়েছে, দিল্লি থেকে মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। ঢাকা ও সাভারে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।