বাড়লো পেট্রোল-অকটেন ও কেরোসিনের মূল্য

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, জুন ১, ২০২৬

আন্তর্জাতিক বাজারের সঙ্গে মূল্য সমন্বয়ের অংশ হিসেবে দেশে ভোক্তাপর্যায়ে আবারও বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। জুন মাসের জন্য প্রতি লিটার পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম ৫ টাকা করে বৃদ্ধি করা হয়েছে। তবে গণপরিবহন ও কৃষিতে বহুল ব্যবহৃত ডিজেলের দাম আগের অবস্থানেই (১১৫ টাকা) রাখা হয়েছে। আজ সোমবার (১ জুন) সকাল থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

গতকাল রোববার (৩১ মে) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নতুন এই মূল্যতালিকা প্রকাশ করা হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মে মাসে ১৩৫ টাকা লিটার বিক্রি হওয়া পেট্রোল আজ থেকে বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। এছাড়া প্রতি লিটার অকটেনের দাম ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৪৫ টাকা এবং কেরোসিনের দাম ১৩০ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৩০ এপ্রিলের সিদ্ধান্ত অনুযায়ী মে মাসে তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। তারও আগে গত ১৮ এপ্রিল বিশ্ববাজারে অস্থিরতার কারণে দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম একদফা বাড়ানো হয়েছিল। ২০২৪ সাল থেকে চালু হওয়া স্বয়ংক্রিয় ফর্মুলা অনুযায়ী প্রতি মাসেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে জ্বালানি তেলের দাম নির্ধারণ করে আসছে সরকার।