বিদ্যুৎ সাশ্রয়ে আবারও কড়াকড়ি: সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ হবে দোকানপাট

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, জুন ২, ২০২৬

দেশব্যাপী বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম আরও জোরদার করতে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। নির্দেশনা অনুযায়ী, দেশের সব শপিং মল, মার্কেট ও খুচরা দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখতে হবে। একই সঙ্গে বিলবোর্ড ও বহিরাঙ্গন বিজ্ঞাপনের আলোকসজ্জাও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১ জুন) বিদ্যুৎ বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, বিদ্যুতের অপচয় রোধ এবং জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, চলমান ও আসন্ন সব ধরনের মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনাটি তাৎক্ষণিকভাবে কার্যকর করার জন্য বলা হয়েছে।

এর আগে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শপিং মল ও দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার নিয়ম চালু ছিল। তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়ীদের সুবিধার্থে সাময়িকভাবে সেই সময়সীমা রাত ১০টা পর্যন্ত বাড়ানো হয়েছিল।

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্যুতের চাহিদা ও সরবরাহ পরিস্থিতি বিবেচনায় এনে প্রয়োজনীয় সাশ্রয় নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সময়ে প্রয়োজন অনুযায়ী নতুন নির্দেশনা দেওয়া হতে পারে।