হামে মৃত্যুর মিছিল থামছেই না, দেশে প্রাণহানি ছাড়াল ৬০০

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, জুন ৩, ২০২৬

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৬৫ জন।

বুধবার (৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩ জুন সকাল ৮টা পর্যন্ত দেশে হাম এবং হামের উপসর্গ নিয়ে মোট ৬০১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া হাম রোগে মারা গেছে ৯০ জন শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও ৫১১ জন।

একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৯ হাজার ১৯১ জন। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিয়েছে ৭৪ হাজার ৫৭২ জন।

পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ঢাকা বিভাগ। বিভাগটিতে হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ২৬৪ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪১ হাজার ৪৪৯ জনে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ। সময়মতো টিকাদান, আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে এর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে সাম্প্রতিক সময়ে আক্রান্ত ও মৃত্যুর ক্রমবর্ধমান সংখ্যা পরিস্থিতিকে উদ্বেগজনক করে তুলেছে।

স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের শিশুদের টিকাদান নিশ্চিত করার পাশাপাশি জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হওয়া বা শরীরে লালচে দানা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।

ক্রমবর্ধমান এই পরিস্থিতিতে জনস্বাস্থ্য ব্যবস্থাপনা, টিকাদান কর্মসূচি এবং সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।