আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু—কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, জুন ৪, ২০২৬
রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। মূলত ওয়ার্ডে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, হাসপাতালটি কার্যক্রম পরিচালনার উপযুক্ত নয়। তদন্ত প্রতিবেদনে পর্যাপ্ত ভেন্টিলেশন সুবিধার ঘাটতি, ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত রোগী ভর্তি এবং দায়িত্ব পালনে চরম অবহেলার বিষয়গুলো উঠে এসেছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে আগামী রবিবার (৭ জুন) সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে সরকার আরও কঠোর অবস্থানে যাচ্ছে।
এর আগে গত ২৭ তারিখ সকালে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি অপারেটিভ ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তর ৩ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। পরে আরও বিশেষজ্ঞ যুক্ত করে কমিটি সম্প্রসারণ করা হয়।
প্রাথমিকভাবে এসির গ্যাস লিকেজকে সম্ভাব্য কারণ বলা হলেও পরে তদন্তে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাওয়াকেই মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়।
ঘটনাটি ঘিরে হাসপাতালের ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।



