লক্ষ্মীপুরে নতুন ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা, প্রকাশিত হলো গেজেট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, জুন ৮, ২০২৬
লক্ষ্মীপুর জেলায় ‘চন্দ্রগঞ্জ’ নামে নতুন উপজেলা গঠন করে সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে। লক্ষ্মীপুর সদর উপজেলার আওতাধীন ৯টি ইউনিয়ন নিয়ে নতুন এই উপজেলার প্রশাসনিক কাঠামো গড়ে তোলা হয়েছে।
গত বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে সরকার।
গেজেট অনুযায়ী, জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) অনুমোদনের ভিত্তিতে গঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত ইউনিয়নগুলো হলো— বশিকপুর, দত্তপাড়া, উত্তর জয়পুর, চন্দ্রগঞ্জ, হাজিরপাড়া, চরশাহী, দিঘলী, মান্দারী ও কুশাখালী।
সরকারি আদেশে বলা হয়েছে, প্রশাসনিক সুবিধা বৃদ্ধি, জনসংখ্যার চাপ হ্রাস এবং স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী নতুন উপজেলার সীমানা নির্ধারণ, প্রশাসনিক কাঠামো গঠন, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ এবং অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।
এ ছাড়া উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ প্রয়োজনীয় অবকাঠামো স্থাপনে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা জানান, নতুন উপজেলা গঠনের ফলে স্থানীয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন আরও সহজ হবে। পাশাপাশি জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।



