হামলার মুখে আকাশসীমা বন্ধ করলো কুয়েত

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, জুন ১১, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কুয়েত।  একই সময়ে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় দেশটির সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।  আজ বৃহস্পতিবার (১১ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইরানি আগ্রাসনের’ আশঙ্কায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কুয়েতের বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ সাময়িকভাবে দেশের আকাশসীমা বন্ধের এই ঘোষণা দিয়েছে।  সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক অনুমোদিত চুক্তি ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে কুয়েতগামী এবং কুয়েত ওপর দিয়ে চলাচলকারী ফ্লাইটগুলোকে বিকল্প বিমানবন্দরে সরিয়ে নেওয়া হবে।

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে কুয়েত জুড়ে ব্যাপক নিরাপত্তা ও সামরিক সতর্কতা জারি করা হয়েছে। মধ্যপ্রাচ্যের এই অঞ্চলের পরিস্থিতি এখনো অত্যন্ত উত্তেজনাপূর্ণ রয়েছে।  আকস্মিকভাবে কুয়েতের আকাশসীমা বন্ধের এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক বিমান চলাচলের রুটে বড় ধরনের বিপর্যয় এবং ফ্লাইট শিডিউলে বড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।