মালদ্বীপে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ প্রবাসী বাংলাদেশির পাশে দূতাবাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, জুন ১১, ২০২৬
মালদ্বীপে কর্মস্থলে দুর্ঘটনায় শিকার হয়ে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ প্রবাসী বাংলাদেশি মো. ইউসুফ মাহমুদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ দূতাবাস। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে গত বুধবার (১০ জুন) রাজধানী মালের এডিকে (ADK) হাসপাতালে যান মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. মোতাছেম বিল্লাহ এবং কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন এ সময় হাসপাতালে উপস্থিত হয়ে সরাসরি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং রোগীর সার্বিক চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন। প্রতিনিধি দল ইউসুফ মাহমুদের দ্রুত সুস্থতা কামনা করার পাশাপাশি তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।
দূতাবাস ও পারিবারিক সূত্রে জানা গেছে, গুরুতর অসুস্থ মো. ইউসুফ মাহমুদ কুমিল্লার বুড়িচং উপজেলার কুসুমপুর গ্রামের বাসিন্দা। জীবিকার তাগিদে দীর্ঘ সাত বছর আগে তিনি মালদ্বীপে পাড়ি জমান। সম্প্রতি কর্মস্থলে কাজ করার সময় এক ভয়াবহ দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান তিনি। এতে তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি ঘটলে চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের (সার্জারি) পরামর্শ দেন। বর্তমানে তিনি মালের এডিকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (ICU) চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে প্রবাসে বিপদের সময়ে বাংলাদেশি কর্মীর পাশে এসে দাঁড়ানো এবং তাঁর সুরক্ষায় বাংলাদেশ দূতাবাসের এমন দ্রুত ও মানবিক তৎপরতা মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। ইউসুফ মাহমুদের দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্যের জন্য তাঁর পরিবার ও স্বজনরা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।



