প্রবাসী বাংলাদেশি পেশাজীবীদের তথ্যভান্ডার তৈরির উদ্যোগ, তথ্য আহ্বান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, জুন ১১, ২০২৬

তুরস্ক, আজারবাইজান ও জর্জিয়ায় বসবাসরত বাংলাদেশি পেশাজীবীদের তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার।  এ লক্ষ্যে প্রবাসী বাংলাদেশি (এনআরবি) পেশাজীবীদের একটি সমন্বিত ডাটাবেজ তৈরির কার্যক্রম শুরু হয়েছে।

তুরস্কের আঙ্কারায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সরকারের ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’-এর আওতায় বিজ্ঞানী, প্রকৌশলী, শিক্ষাবিদ, শিল্প বিশেষজ্ঞসহ বিভিন্ন খাতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের তথ্য সংরক্ষণ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সঙ্গে বাংলাদেশ সরকার একটি ‘ডায়াসপোরা পলিসি’ প্রণয়নের কাজও করছে।  এর মাধ্যমে বিদেশে অবস্থানরত দক্ষ বাংলাদেশি পেশাজীবীদের দেশের জাতীয় উন্নয়ন, শিল্পায়ন, উদ্ভাবন এবং জ্ঞানভিত্তিক অর্থনীতির বিকাশে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ উদ্যোগের অংশ হিসেবে তুরস্ক, আজারবাইজান ও জর্জিয়ায় বসবাসরত আগ্রহী বাংলাদেশি পেশাজীবীদের নির্ধারিত তথ্য জমা দেওয়ার আহ্বান জানিয়েছে দূতাবাস।  সংশ্লিষ্টরা কিউআর কোড স্ক্যান করে অথবা নির্ধারিত তথ্য ই-মেইলের মাধ্যমে পাঠাতে পারবেন।

আগামী ১৫ জুন ২০২৬-এর মধ্যে প্রয়োজনীয় তথ্য দূতাবাসের ই-মেইল ঠিকানায় পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

দূতাবাসের কর্মকর্তারা আশা করছেন, এ তথ্যভান্ডার ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশিদের দক্ষতা, অভিজ্ঞতা ও জ্ঞানকে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে আরও কার্যকরভাবে কাজে লাগাতে সহায়তা করবে।

 

সূত্র: এম্বাসি অব বাংলাদেশ ইন আঙ্কারা, তুরস্ক