সিনিয়র সিটিজেনদের জন্য ট্রেনের ভাড়া ফ্রি, মেট্রো রেলে ২৫ শতাংশ ছাড়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, জুন ১১, ২০২৬
দেশের ৬৫ বছরের ঊর্ধ্বের সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিকদের জন্য রেলওয়েতে সম্পূর্ণ বিনামূল্যে ভ্রমণের সুবিধা এবং মেট্রো রেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়িয়ে দেশের অর্থনৈতিক বৈষম্য কমিয়ে আনার ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করার সময় এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, “আমাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির মূল লক্ষ্য হলো সব নাগরিককে জীবনচক্রভিত্তিক পদ্ধতিতে সুরক্ষার আওতায় আনা। যাতে দেশে দারিদ্র্য হ্রাস পায়, বৈষম্য কমে এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত হয়। এই কাঠামোর মূল দর্শনই হলো সাধারণ মানুষের অর্থনৈতিক ক্ষমতায়ন ও স্বনির্ভরতা অর্জন।”
তিনি আরও জানান, সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে একটি বৈষম্যহীন, মানবিক ও কল্যাণভিত্তিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে সরকার বেশকিছু যুগান্তকারী কার্যক্রম গ্রহণ করেছে। সামাজিক সুরক্ষা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতকল্পে সরকারের সিগনেচার প্রোগ্রাম ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’ ইতিমধ্যে চালু করা হয়েছে। এই কার্ডের মাধ্যমে পরিবারের প্রধান নারী সদস্য প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে ভাতা পাবেন। ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে এই ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম দেশব্যাপী বিস্তৃত করা হবে এবং আগামী অর্থবছরে ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড প্রদানের পাশাপাশি এর বিপরীতে ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর বাইরে প্রথাগত বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা যথারীতি অব্যাহত থাকবে।
বিশেষ চাহিদাসম্পন্ন নাগরিকদের জন্য সুখবর দিয়ে অর্থমন্ত্রী জানান, আগামী অর্থবছরে প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা বাড়িয়ে ৩৮ লাখে উন্নীত করা হবে এবং তাঁদের মাসিক ভাতা করা হবে ১ হাজার টাকা। একই সাথে প্রতিবন্ধী শিক্ষার্থী ভাতার আওতা ১ লাখে উন্নীত করা হবে এবং স্তরভেদে শিক্ষার্থীদের মাসিক ভাতা ১ হাজার থেকে ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত করার প্রস্তাব করা হয়েছে।



