যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, জুন ১৩, ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটাতে একটি সমঝোতা চুক্তি চূড়ান্ত হওয়ার পথে রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেছেন, চুক্তি কার্যকর হলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে এবং ইরানের ওপর আরোপিত মার্কিন নৌ-অবরোধও তুলে নেওয়া হবে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে আরাকচি বলেন, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে চুক্তির চূড়ান্ত অনুমোদন এখনো বাকি এবং তা ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
মার্কিন কর্মকর্তারাও জানিয়েছেন, দুই পক্ষ একটি খসড়া সমঝোতা স্মারকের বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে। তবে ইরান চুক্তির শর্তগুলো কতটা বাস্তবায়ন করছে, তার ওপরই নিষেধাজ্ঞা শিথিলকরণ ও অর্থনৈতিক সুবিধা নির্ভর করবে।
গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া সংঘাতের জেরে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে অস্থিরতা সৃষ্টি হওয়ায় আন্তর্জাতিক বাজারেও প্রভাব পড়ে।
আরাকচি জানান, সম্ভাব্য চুক্তির আওতায় হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া, মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার, ইরানের জব্দ সম্পদের একটি অংশ মুক্ত করা এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন আলোচনার পথ তৈরি করার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
তবে তিনি সতর্ক করে বলেন, যুদ্ধ-পূর্ব পরিস্থিতিতে হরমুজ প্রণালির ব্যবস্থাপনা আর ফিরে যাবে না। ইরান ভবিষ্যতেও ওই অঞ্চলে নিজেদের নিরাপত্তা ও সার্বভৌম স্বার্থকে অগ্রাধিকার দেবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সম্প্রতি বলেছেন, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং খুব শিগগিরই একটি সমঝোতা চূড়ান্ত হতে পারে। তবে তিনি ইরানি গণমাধ্যমে প্রকাশিত কিছু কথিত শর্তকে প্রত্যাখ্যান করে সেগুলোকে ‘ভুল ও বিভ্রান্তিকর’ বলে মন্তব্য করেছেন।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং তা অনুমোদনের অপেক্ষায় আছে।
বিশ্লেষকদের মতে, চুক্তিটি বাস্তবায়িত হলে শুধু মধ্যপ্রাচ্যের উত্তেজনাই কমবে না, বরং বৈশ্বিক জ্বালানি বাজারেও স্থিতিশীলতা ফিরতে পারে। ইতোমধ্যে সম্ভাব্য সমঝোতার খবরে আন্তর্জাতিক তেলের দাম নিম্নমুখী হয়েছে।



