হিজবুল্লা ইস্যুতে ইসরায়েলকে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চাইলেন ট্রাম্প

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৬

লেবাননে হিজবুল্লা দমনের নামে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) যে সামরিক অভিযান চালাচ্ছে, তার কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তিনি বলেছেন, এই অভিযান যুক্তরাষ্ট্র ও ইরানের প্রস্তাবিত শান্তি চুক্তির পথে বড় বাধা সৃষ্টি করছে।

বর্তমানে জি৭ সম্মেলনে অংশ নিতে প্যারিসে অবস্থান করছেন ট্রাম্প।  সেখানেই ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইসরায়েলের লেবানন নীতির সমালোচনা করেন।

ট্রাম্প বলেন, হিজবুল্লার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা থাকলেও ইসরায়েল যেভাবে অভিযান চালাচ্ছে, তা সমর্থনযোগ্য নয়।  তার ভাষায়, “এটা অনেক আগেই শেষ হওয়া উচিত ছিল, কিন্তু তারা এমনভাবে এগোচ্ছে যেন তাদের হাতে অনন্ত সময় আছে।”

তিনি আরও বলেন, ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় বারবার হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং এতে নিরীহ মানুষের প্রাণহানি ঘটছে।

ট্রাম্প অভিযোগ করেন, ইসরায়েলের সাম্প্রতিক সামরিক পদক্ষেপ ওয়াশিংটনের ইরানের সঙ্গে শান্তি চুক্তির অগ্রগতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে।  তার মতে, চুক্তি স্বাক্ষরের মাত্র কয়েক ঘণ্টা আগে বৈরুতে হামলা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে।

সবচেয়ে বিতর্কিত মন্তব্যে ট্রাম্প বলেন, হিজবুল্লা দমনের দায়িত্ব ইসরায়েলের পরিবর্তে সিরিয়ার হাতে দিলে তা আরও কার্যকর হতে পারে।  তার মতে, সিরিয়া এই কাজ “আরও দক্ষভাবে” করতে সক্ষম।

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে ট্রাম্পের এই মন্তব্য নতুন করে কূটনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।  বিশ্লেষকদের মতে, এ ধরনের অবস্থান অঞ্চলটির চলমান উত্তেজনাকে আরও জটিল করে তুলতে পারে।

সূত্র: ফক্স নিউজ, টাইমস অব ইসরায়েল