মোদিকে ‘ফেরেশতা’ ও ‘খুনি’ বলে প্রশংসা করলেন ট্রাম্প
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৬
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘কঠিন মধ্যস্থতাকারী’ হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে রসিকতার ছলে ট্রাম্প বলেন, মোদিকে দেখতে ‘ফেরেশতার’ মতো হলেও আলোচনার টেবিলে তিনি ‘খুনি’দের মতো কঠোর।
১৭ জুন অনুষ্ঠিত বৈঠকে ট্রাম্প বলেন, “তিনি (মোদি) অন্যতম কঠোর একজন মধ্যস্থতাকারী। আমরা দীর্ঘদিন ধরে একটি বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করছি এবং এখন তা চূড়ান্ত হওয়ার খুব কাছাকাছি।”
ট্রাম্প জানান, মোদির সঙ্গে তার দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে এবং ভবিষ্যতে তিনি ভারত সফরের পরিকল্পনাও করছেন।
বিশ্লেষকদের মতে, গত এক বছরে শুল্কনীতি, পাকিস্তান ইস্যু এবং ইরানকে ঘিরে তৈরি হওয়া কিছু কূটনৈতিক টানাপোড়েনের পর দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করার প্রচেষ্টার অংশ হিসেবেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২০২৫ সালের শুরুতে মোদির হোয়াইট হাউস সফরের পর এবারই প্রথম দুই নেতা মুখোমুখি বৈঠকে অংশ নেন। আলোচনায় ওমান উপসাগরে ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিও গুরুত্ব পায়।
প্রতিরক্ষা সহযোগিতা প্রসঙ্গে ট্রাম্প বলেন, “ভারত আক্রান্ত হলে যুক্তরাষ্ট্র পাশে থাকবে।”
মোদির দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, “যদি কেউ ওই ব্যক্তিকে আক্রমণ করে, আমরা সেখানে থাকব। তবে ভবিষ্যতে অন্য কোনো নেতা এলে সে বিষয়ে এখনই নিশ্চিত নই।”
গত এক বছরে দুই দেশের সম্পর্কে তৈরি হওয়া কিছু দূরত্ব কমিয়ে আনা এবং বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের লক্ষ্যেই এ বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।



