আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, জুন ২০, ২০২৬

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের ভবিষ্যৎ পরিবর্তনের জন্য আরেকটি “অনিবার্য বিপ্লবের” প্রস্তুতি নিতে হবে, যা কোনো দল বা গোষ্ঠীকে ক্ষমতায় বসানোর জন্য নয়; বরং একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে মর্যাদা, সম্মান, শক্তি ও সাহস নিয়ে দাঁড় করানোর লক্ষ্যেই হবে।

শনিবার (২০ জুন) বিকেলে খুলনা সার্কিট হাউজ ময়দানে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, শোষণ, দুর্নীতি, চাঁদাবাজি এবং দলীয় প্রভাবমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়তে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে।  তিনি দেশ গঠনে যুবসমাজকে প্রস্তুত থাকার আহ্বান জানান।

তিনি অভিযোগ করে বলেন, বিএনপি জনগণের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি এবং জনরায়কে যথাযথভাবে সম্মান করা হয়নি।  তিনি বলেন, “জনরায়কে সম্মান না করলে জনগণই তার জবাব দেবে।”

তিনি আরও বলেন, জনগণের অধিকার আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।  প্রয়োজনে সংসদ থেকে শুরু করে সারাদেশে ঐক্যবদ্ধ গণআন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এলডিপি চেয়ারম্যান ড. অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।