পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের আলোচনা

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, জুন ২০, ২০২৬

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।  শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান।

বৈঠকে দুই পক্ষই বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক, জনগণের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ এবং ব্রিটিশ-বাংলাদেশি প্রবাসীদের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, অভিবাসন এবং দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের অব্যাহত সমর্থনের প্রশংসা করেন এবং মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান।

শেষে উভয় পক্ষ বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কের বর্তমান অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে এবং ভবিষ্যতে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।