চীন সফরের আগে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, জুন ২০, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরের আগে শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মার্কিন রাষ্ট্রদূত হালকা রসিকতার সুরে বলেন, তিনি মূলত ফুটবল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের প্রতি সমর্থন চাইতে এসেছেন।  তিনি জানান, অস্ট্রেলিয়ার বিপক্ষে সাম্প্রতিক জয়ের পর যুক্তরাষ্ট্র দল নকআউট পর্বে পৌঁছেছে এবং তিনি আশা করেন বাংলাদেশিরাও যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবেন।

রাষ্ট্রদূত আরও বলেন, “বাংলাদেশিরা ভালো ফুটবল বোঝেন, আর দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রকে সমর্থন করলে ভুল হওয়ার সম্ভাবনা নেই।”

তবে বৈঠককে কেন্দ্র করে কূটনৈতিক মহলে কৌতূহল তৈরি হলেও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ূন কবির জানিয়েছেন, এটি একটি নিয়মিত সৌজন্য সাক্ষাৎ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য সহজীকরণ, উন্নয়ন সহযোগিতা জোরদার এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে একমত হন বলেও জানানো হয়।