কাতারে ভয়াবহ বিস্ফোরণ: আহত ৫৪, নিখোঁজ ১৮

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, জুন ২২, ২০২৬

কাতারের রাস লাফান শিল্পাঞ্চলের একটি গ্যাস স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫৪ জন আহত হয়েছেন এবং আরও ১৮ জন নিখোঁজ রয়েছেন।  দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার রাতে একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে এ বিস্ফোরণ ঘটে।

ঘটনার পরপরই সিভিল ডিফেন্স ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে অভিযান শুরু করে।  কাতারের রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান কাতারএনার্জি জানিয়েছে, রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটির বারজান লোকাল গ্যাস সাপ্লাই ফ্যাসিলিটিতে পুনরায় কার্যক্রম চালুর সময় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রথমে ঘটনাটিকে ‘ইন্টারনাল এক্সপ্লোশন’ বা অভ্যন্তরীণ বিস্ফোরণ হিসেবে উল্লেখ করে।  পরে প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানানো হয়, এটি সম্ভবত প্রযুক্তিগত ত্রুটিজনিত দুর্ঘটনা।  আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিখোঁজদের খুঁজে বের করতে তল্লাশি অব্যাহত রয়েছে।

রাস লাফান বিশ্বের অন্যতম বৃহৎ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন ও রপ্তানি কেন্দ্র।  ফলে এ বিস্ফোরণের ঘটনায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।  উৎপাদন কার্যক্রমের ক্ষয়ক্ষতি ও এর প্রভাব নিয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

গালফ অঞ্চলের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিস্ফোরণের পর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে কোনো ধরনের গ্যাস লিকেজ ঘটেনি এবং জননিরাপত্তার জন্য তাৎক্ষণিক কোনো ঝুঁকি নেই। তবে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।